• দেশজুড়ে প্রধান সংবাদ
  • জাপানে ওসাকায় আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করবেন কেন্দুয়ার ইউএনও ইমদাদুল

জাপানে ওসাকায় আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করবেন কেন্দুয়ার ইউএনও ইমদাদুল

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , ১৬ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ জাপানের ওসাকা শহরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

আগামীকাল শনিবার (১৭ মে) শাহ জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন এবং ফিরবেন ২৬ মে।

জানা গেছে, তিনি আগামী ১৯ থেকে ২২ মে-২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য “জনস্বাস্থ্যে অগ্রগতির ওপর আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন এবং জনস্বাস্থ্য বিষয়ে নিজের গবেষণা উপস্থাপন করবেন।

এই সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বান্দরবান জেলার উপজাতি তরুণীদের মাসিককালীন পানির সংকট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে একটি যৌথ গবেষণার জন্য, যা পরিচালিত হয়েছে ইউএনও ইমদাদুল হক তালুকদার ও কারিতাস বাংলাদেশ-এর যৌথ তত্ত্বাবধানে।

গবেষণায় উঠে এসেছে কীভাবে পানি সংকটে ভোগা তরুণীরা স্বাস্থ্য পরিচর্যায় ঘাটতির কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ইমদাদুল হক তালুকদার একজন অভিজ্ঞ প্রশাসক হওয়ার পাশাপাশি একজন স্বীকৃত গবেষক। তার এক দশকেরও বেশি সময়ের গবেষণা অভিজ্ঞতায় তিনি অস্ট্রেলিয়া, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্পেন, ভিয়েতনাম, তুরস্ক ও ভারতসহ একাধিক দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

বর্তমানে তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত।

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারা শুধু ব্যক্তিগত নয়, দেশের জন্যও এক গর্বের বিষয়। বান্দরবানের পাহাড়ি তরুণীদের মাসিককালীন স্বাস্থ্যসংকট নিয়ে আমাদের যে গবেষণা, তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আমি বিশ্বাস করি, এই ধরনের গবেষণা ও অভিজ্ঞতা বিশ্বমঞ্চে তুলে ধরলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আমি আয়োজক দেশ জাপান এবং সম্মেলন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে ধন্যবাদ জানাই কারিতাস বাংলাদেশকে, যারা এই গবেষণায় আমাদের সহযোগী ছিল। বাংলাদেশের মানুষের গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে তাঁর।” তিনি সবার সহযোগীতা ও দোয়া কামনা করেন।