চাতলাপুর চেকপোস্ট দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক ও জুস রপ্তানি বন্ধ করলো ভারত

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ , ২০ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সোমবার (১৯ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া।

বহুদিন ধরেই এ রুট ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছিল, যার মধ্যে মাছ, সিমেন্ট, তৈরি পোশাক, প্লাস্টিকসামগ্রী ও জুস উল্লেখযোগ্য। তবে নতুন করে তিনটি গুরুত্বপূর্ণ পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।

ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন জানান, “আমরা নিয়মিতভাবে এই রুট দিয়ে প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি করতাম। এমনকি কয়েকদিন আগেও পণ্য পাঠানো হয়েছে। হঠাৎ নিষেধাজ্ঞা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছে।”

চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, “ভারতের পক্ষ থেকে আমরা একটি চিঠি পেয়েছি, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এই রুটে প্লাস্টিক, তৈরি পোশাক ও জুস জাতীয় পণ্য রপ্তানি না করার জন্য। এ সিদ্ধান্ত ভারতের নিজস্ব নীতিমালার আলোকে গ্রহণ করা হয়েছে।”

এ বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে রপ্তানি পুনরায় চালু করা যায় এবং সীমান্ত বাণিজ্যে স্থিতিশীলতা বজায় থাকে।