খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ২৫ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের।

স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে ডিজিটাল ভূমি সেবার গুরুত্ব তুলে ধরেন।

ভূমি মেলায় রেজিস্ট্রেশন শাখা, ভূমি উন্নয়ন কর ও হেডম্যান রাজস্ব শাখা, ভূমি আইন ও পরামর্শ কেন্দ্র, তথ্য কেন্দ্র, অভিযোগ গ্রহণ ডেস্কসহ বিভিন্ন বিভাগীয় স্টল স্থান পেয়েছে।

আগামী ২৭ মে পর্যন্ত চলমান এ মেলায় নাগরিকরা সহজে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘সি’ ক্যাটাগরিভুক্ত এমআইএস অন্তর্ভুক্ত ও গেজেটভুক্ত “জুলাই যোদ্ধা”দের সম্মাননা এবং আর্থিক অনুদানের চেক জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেন অতিথিবৃন্দ।