খাগড়াছড়িতে ধর্মপুর আর্য বন বিহারে ৮ম মহা সংঘ দানানুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ২৩ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ধর্মপুর আর্য বন বিহারে শুক্রবার (২৩ মে ২০২৫) সকালে ৮ম মহা সংঘ দানানুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫৬৯ বুদ্ধাব্দ, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ এই পুণ্যতিথিতে বিহারের উপাসিকা পরিষদের আয়োজনে এবং বিহারের কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় সদ্ধর্মানুরাগী উপাসিকাদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও পূজ্য বনভন্তের শিষ্য সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির এবং ধর্মপুর আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দসী মহাস্থবিরসহ পার্বত্য এলাকার বিভিন্ন বিহারের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে বুদ্ধ মূর্তি দানসহ অন্যান্য দান কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এসময় বিহার পরিচালনা কমিটির সভাপতি উচিত ময় চাকমা, সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ানসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় সহস্রাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও বুদ্ধবাণীর আলোকে অনুষ্ঠিত হয়।