মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই অঙ্গীকারকে সামনে রেখে সম্মেলনে সভাপতি পদে বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম খান কাজল নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কান্দাপাড়া সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মোসলেম। দীর্ঘ আলোচনার পর জুড়িবোর্ড গঠনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এখলাছ উদ্দিন ভূঁইয়া, আজিজুল ইসলাম ও নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মনিরুল ইসলাম খান কাজল, আসাদুজ্জামান বাবলু এবং মাজহারুল ইসলাম।
তবে পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে এখলাছ উদ্দিন ভূঁইয়া ও মনিরুল ইসলাম খান কাজলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতাদের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনে বরণ করে নেন। তাদের নেতৃত্বে কেন্দুয়ার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক সমাজ।
সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতেই আমরা কাজ করবো একযোগে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।” তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত