কেন্দুয়ায় গরু ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ১৮ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের আইথর গ্রামে গরু ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ঘটে গেলো মর্মান্তিক হত্যাকাণ্ড। গতকাল শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে আইথর সেনবাড়ি মোড়ে এ ঘটনার শিকার হন আবুল কালাম (৩৫)। নিহত কালাম একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইথর গ্রামের আব্দুল হান্নান এবং পাশের ব্রাহ্মণজাত গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজিজুল ইসলামের মধ্যে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত আবুল কালাম ছিলেন হান্নান গংদের আত্মীয় ও প্রতিবেশী।

ঘটনার দিন বিকেল থেকেই আজিজুল ইসলাম হাতে একটি বড় দা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। হান্নান গংদের সঙ্গে তার কয়েক দফায় তর্ক-বিতর্ক হয়। সন্ধ্যার পর আজিজুল কালামের বাড়ির সামনে একটি লিচু গাছের চারা কেটে ফেলেন। পরে রাত ৯টার দিকে আজিজুল কালামের গোয়ালঘরে প্রবেশ করে গরু ছেড়ে দেন। বিষয়টি দেখে ক্ষিপ্ত হয়ে কালাম তাকে ধাওয়া করেন।

ধাওয়া করে যাওয়ার একপর্যায়ে গ্রামের সেনবাড়ি মোড়ে আজিজুলের সঙ্গে মুখোমুখি হন আবুল কালাম ও তার ভাই শাহ আলম। এ সময় আজিজুল ধারালো দা দিয়ে দুই ভাইকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরই আবুল কালামের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া পৌর শহরের বিট অফিসার এসআই কামাল আহমেদ। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযুক্ত আজিজুল ইসলামের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।