ঝিনাইগাতীতে সীমান্তবর্তী পাহাড়ে ভারতীয় ৫৭০ বোতল বিদেশী মদ উদ্ধার

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তসংলগ্ন বড় গজনী এলাকার পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়, যেগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বড় গজনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মদের মধ্যে বিভিন্ন নামীদামি বিদেশী ব্র্যান্ড রয়েছে, যা চোরাচালানের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রশাসনের নজরদারি বৃদ্ধির ফলে এসব অবৈধ কার্যক্রম ধীরে ধীরে কমে আসছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।