রমজানে ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো বিশেষ প্রার্থনা কক্ষ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সারাবিশ্বে চলছে পবিত্র মাহে রমজান মাস। আত্মসংযম এবং ইবাদতের এই মাসের জন্য মুসলমানদের থাকে সারা বছরের অপেক্ষা। রমজানের এই পবিত্র সময়কে কেন্দ্র করে মুসলমানদের মাঝে থাকে নানাবিধ আয়োজন। থাকে নতুন নতুন সব উদ্যোগ।

এরই এক নতুন নজির দেখালেন ইংল্যান্ডের অন্যতম সফল ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুসলিম ভক্তরা। ‘ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব’ এর উদ্যোগে ক্লাবের হোমগ্রাউন্ড ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে চালু করা হয়েছে বিশেষ প্রার্থনা কক্ষ।

মাল্টি ফেইথ রুম বা বহু বিশ্বাসের প্রার্থনাকক্ষ হিসেবেই আপাতত চালু হচ্ছে এই কক্ষ। যেখানে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও চাইলে নিজ নিজ প্রার্থনা করতে পারবেন। একইসঙ্গে ২০ জন দর্শক এখানে প্রার্থনা করতে পারবেন। যদিও প্রাথমিকভাবে সেখানে মুসলমানদের জন্য নামায আদায়ের সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শুরুর আধঘণ্টা আগে চালু হবে এই কক্ষ। থাকবে ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পর পর্যন্ত। স্ট্রেটফোর্ড এন্ড এবং স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডের মাঝামাঝি ছোট একংশে চালু হয়েছে এই বিশেষ প্রার্থনা কক্ষ।

এরইমাঝে জায়নামাজ দিয়ে ছোট এই কক্ষকে সাজানো হয়েছে। ম্যানচেষ্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ থেকেই চালু হবে এই বিশেষ প্রার্থনা কক্ষ। ক্লাবটির এমন উদ্যোগ যুক্তরাজ্যের মুসলমান সম্প্রদায়ের মাঝেও বাড়তি উচ্ছ্বাস এনে দিয়েছে।