আল-আমিন মিয়া, নরসিংদীঃ ঢাকা থেকে বন্ধুদের নিয়ে নরসিংদীতে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আসাদ (১৭) নামে আরেক কিশোর।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে।
নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারির ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এসময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।
গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
অভিযানের এক ঘন্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, তাদের কেওই সাতার জানতো না। দুইজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোন সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুণরায় উদ্ধার অভিযান করা হবে।
পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত