নওগাঁয় সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ধনী ও বৃত্তশালীরা সঠিকভাবে যাকাত আদায় করলে দেশে আর কোনো গরীব থাকবে না মন্তব্য করে নওগাঁর জেলা প্রশাসক ও জেলা যাকাত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ,আমরা ধর্মীয় বিধান মতে সঠিকভাবে যাকাত আদায় না করার কারণে সমাজে ধনী ও গরিবের ব্যবধান ক্রমে বৃদ্ধি হচ্ছে।

আজ রবিবার বাদ জোহর নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, আয়কর বিভাগের হিসাব মতে প্রতিবছর দেশের মানুষের কাছে যে পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকছে,সেই পরিমাণ অর্থের যাকাত আদায় হচ্ছে না। ধর্মীয় বিধান মোতাবেক একজন মানুষ বছর শেষে হাতে বা ব্যাংকে যে অর্থ মজুদ থাকে, সেই অর্থের শতকরা আড়াই ভাগ হারে যাকাত আদায় করলে প্রতিবছর যাকাত ফান্ডে কয়েক হাজার কোটি টাকা যাকাতের অর্থ জমা হবে। আল্লাহর প্রতি ভয় রেখে ধর্মীয় বিধান মোতাবেক সরকারি যাকাত ফান্ড যাকাত প্রদানের জন্য তিনি আহ্বান জানান।

নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক ও জেলা যাকাত কমিটির সদস্য সচিব মোঃ মারুফ রায়হান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মডেল মসজিদের খতিব মাওলানা রিজওয়ান আহসান,জেলা ইমাম-মুয়াজ্জিন কমিটির সভাপতি মাওলানা আ ন ম আকরাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শফিক ছোটনসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

জেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান বলেন নওগাঁয় দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বি করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে, সরকারি যাকাত ফান্ড থেকে ৮ লাখ ৩২ হাজার ৬৫৯ টাকা বিতরণ করা হচ্ছে।

এরমধ্যে সদর উপজেলার রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ২৭ জন অসহায় দোস্তদের মাঝে ১,২৭,১৭৬/-টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা জেলার অপর দশটি উপজেলায় উপজেলা যাকাত কমিটির মাধ্যমে আরো প্রায় ২০ শতাধিক মানুষের মাঝে যাকাতের অর্থ প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলায় চলতি অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে মোট আদায় হয়েছিলো ১০ লাখ ৪০ হাজার ৮২৪ টাকা। এর মধ্যে শতকরা ৮০ ভাগ অর্থ জেলায় বিতরণ করা হচ্ছে।