শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ইমামসহ চার জন আহত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে স্থানীয় মসজিদের ইমামসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে গত ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে। স্থানীয় সফর উদ্দিন তার নিজস্ব জমিতে বোরো ধানের চারা রোপণ করছিলেন। এ সময় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা লাঠি, দা ও দেশীয় অস্ত্র নিয়ে সফর উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালান।

হামলায় মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুর রহমান গুরুতর আহত হন এবং তার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সফর উদ্দিন, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৯ ফেব্রুয়ারী দুপুরে মজিবর রহমানের পরিবারের সদস্যরা হাবিবুর রহমানের স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করলে তিনিও গুরুতর আহত হন এবং শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে ঘটনার পর সফর উদ্দিনের ছেলের বউ সোমা বেগম শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি আমলে নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. সুমন (২৮), মো. আঙ্গুর (৬৫), মো. মজিবর রহমান (৬০), মো. জয়নাল (৪০), মো. সেজু (২৪), মো. আলাল (১৯), মোছা. কাজলী বেগম (৫০), মোছা. মমতা বেগম (৫০) সহ আরও কয়েকজন।