মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং তার দুই সন্তানসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-রাধিকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম বেবী দেবনাথ (৩৩)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী দাসপাড়ার বাসিন্দা এবং তাপস দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার শাহাবাজপুরে বাবার বাড়ি থেকে সিএনজিতে করে বাঞ্ছারামপুর ফিরছিলেন।

আহতদের মধ্যে রয়েছে নিহতের দুই ছেলে আদিত্য (৮) ও আবিদ (৩)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত হলেন সিএনজি চালক ফারুক (৩৫)। তিনি নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের আব্দুর নুর মিয়ার ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সফিকুল ইসলাম জানান, বেবী দেবনাথ ঘটনাস্থলেই মারা গেছেন। ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নবীনগর থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল মোনাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।