উত্তরায় রেস্টুরেন্টে আগুন : ৭ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মনির হোসেন শিশিরঃ  রাজধানীর উত্তরায় একটি ছয়তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এরই মধ্যে ওই ভবন থেকে ৭ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় আগুন লাগে। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। নিচতলায় আগুনের সূত্রপাত হলেও কিছুটা আগুনের বেগ কমেছে। তবে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটি। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেয়া হয়েছে।

তাদের উদ্ধারে চেষ্টা চলছে। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।