মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছম আলী (৬৮)'কে শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেপ্তারকৃত ছম আলী শেরপুর সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।
তাকে ২৫ ডিসেম্বর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-১৪। র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর রাত সাতটার সময় জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত