শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১জন।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে বারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেন, রবিবার বেলা পৌনে বারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত ২জনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৫ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। তবে অন্যান্য সূত্র বলছে ৬ জন। নিহতদের মধ্যে হলেন তারকান্দি এলাকার মুসলিম মাস্টার (৬৫) তার স্ত্রী রওশন আরা (৫৫), শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২২), অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী।

জানা গেছে, নিহত মুসলিম মাস্টার ও তার স্ত্রী রওশন আরা বেয়াইয়ের জানাযায় অংশ নিতে শ্রীবরদীর উপজেলার সদর ইউনিয়নে নবীনগর এলাকায় আসছিলো।