মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের শ্রীবরদীর ডেউফা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের গারো পাহাড়ের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার বিরুদ্ধে অভিযানন পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড এবং কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ: গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতদের বুধবার জামালপুর কারাগারে পাঠানো হয়।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সবাইকে অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত