ফরিদপুরে দ্রুত বিচার আইনে যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলার অভিযোগে ফরিদপুরে দ্রুত বিচার আইনে আওয়ামী যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হেমায়েত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ যুবলীগের ২৯ নেতাকর্মীর নামোল্লেখ করে আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত ২০২২ সালে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্ব হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, বিগত দিনে আইনের শাসন না থাকায়া আমাদের ওপর জিয়াউল হাসান মিঠু ও তার যুবলীগের ক্যাডাররা হামলা চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। থানায় গিয়ে মামলা দিতে পারিনি। এখন আইনের শাসন ফিরে আসাই বিজ্ঞ আদালত কাছে আমরা মামলা জন্য আসলে আদালত তা গ্রহণ করে। সেদিনের ঘটনার সুষ্ঠু বিচার পাবো বলে প্রত্যাশা করি।

এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, একই দিন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আমাদেরও একটা দলীয় প্রোগ্রাম নিয়ে আমরা দু গ্রুপই সেখানে উপস্থিত হই, দু গ্রুপের যুবক ছেলেরা এক যায়গা হলে যা হয়। তারা মামলাতে যেভাবে উল্লেখ করেছে এমন কোন ঘটনা সেখানে ঘটেনি। আমরা সবাই একই এলাকার সন্তান। কোন দেশীয় অস্ত্র কারো কাছেই ছিলোনা। মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত হোসেন জানান, দ্রুতবিচার আদালতে মামলাটি রুজু করার পর বিচারক ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।