হানিয়ার দাফন দোহায়, জানাজা পড়াবেন খামেনি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ইরানের রাজধানীতে প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ার শেষকৃত্য শুরু হয়েছে। তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া।

সংবাদমাধ্যম ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এবং ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আর জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি।

জানাজার নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদী (স্বাধীনতা) স্কয়ারের দিকে যাবে। এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ দোহায় নিয়ে যাওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনির হামাসপ্রধানের জানাজার ইমামতিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিয়েছে দেশটি। ইরানের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তাঁর আবাসস্থলে নিহত হন হানিয়া।