
বিসিবির বোর্ড সভার জন্য দরকার ৯ পরিচালক। ২৫ পরিচালকের বোর্ড সভায় অন্তত এক তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির কথা উল্লেখ আছে বোর্ডের গঠনতন্ত্রে। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির বেশিরভাগ পরিচালক এখন আত্মগোপনে আছেন। তাই কোরাম পূর্ণ হওয়া নিয়েও ছিল সংশয়।
বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকেও কোরাম পূর্ণ হয়েছে দুই নতুন পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের কল্যাণে। নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে বোর্ড সভায় হাজির হয়েছিলেন কেবল ৮ পরিচালক।
ইসমাইল হায়দার মল্লিক, শফিউর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয় কিংবা নাজমুল পাপনের মতো অনেকেই ছিলেন না আজকের সভায়। জরুরি বোর্ড সভায় উপস্থিত হয়েছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরি, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম ও মাহবুব আনাম।
বোর্ড সভার দুদিন আগেই পরিচালকের পদ ছেড়ে দিয়েছিলেন সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান পদত্যাগ করে পত্র দেয়ার পরেই মূলত বোর্ড পরিচালক হিসেবে চলে আসেন ফারুক আহমেদ। এনএসসি থেকে পাওয়া মনোনয়নে পরিচালক ছিলেন জালাল ইউনুস। একই প্রক্রিয়ায় মনোনয়ন পাওয়া সাজ্জাদুল আলম ববি অবশ্য পদত্যাগ করেননি।
বোর্ড সভায় ফারুক আহমেদসহ ৯ জনের কোরাম পূর্ণের পাশাপাশি এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয় সাজ্জাদুল ববিকে। তারই স্থলে যুক্ত হন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সব মিলিয়ে পরিচালক ছিলেন ১০ জন। আর তাদের ভোটে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনসহ আজ অনুপস্থিত ছিলেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের ও মঞ্জুরুল আলম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত