খাগড়াছড়িতে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসলমানদের মধ্যে এই কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হয়।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থী ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। প্রায় আধঘন্টার জন্য জেলা প্রশাসক কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়ে।
জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং তাদের দাবী মেনে নেন। তিনি জানান, 'ধর্ম নিয়ে কটূক্তিকারী সুইডেন চাকমা এবং ঋদ্ধ চাকমার বিরুদ্ধে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হবে।'
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর এবং ইসলামী আন্দোলন খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী প্রমুখ। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদানসহ ব্লাসফেমী আইন বাস্তবায়নের দাবি জানান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার মুক্তা ধর জানান, 'গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের টিম মাঠে রয়েছে।'
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত