ভারতের লোকসভা নির্বাচন: এগিয়ে মোদির এনডিএ

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ , ৪ জুন ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসই সত্যি হতে যাচ্ছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত পেয়েছে ২৯৭ আসন। বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২০৮ আসন।

মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে যে দল বা জোট ২৭২টি আসনে জয় পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ বলে বিবেচিত হয়ে সরকার গঠন করবে।এ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হলে মোদি ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১-৫২ সালে দেশটিতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারপর থেকে এবারই সবচেয়ে বেশি সময় ধরে ভোট গ্রহণ করা হয়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার