পলাতক ৪ আসামির বিরুদ্ধে ‘লুকআউট’ জারি, দেখামাত্র আটকের নির্দেশ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ২৮ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে পলাতক ৪ আসামির বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন ছাড়াও সিয়াম, মুস্তাফিজুর রহমান ও ফয়সালের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে ভারতের যেকোনো বন্দর বা বিমানবন্দরে তাদের দেখামাত্রই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার কলকাতায় এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে ডিএমপির ডিবি পুলিশের প্রতিনিধি দল। এদিন নিউটাউনের অ্যাক্সিস শপিংমলের একাধিক দোকানে যান তারা। এমপি হত্যার আগে বেশ কিছুদিন নিউটাউনের একটি হোটেলে ছিল আসামিরা। সেখান থেকে ঐ শপিংমলে গিয়ে বিভিন্ন মালামাল কিনেছিল তারা। শপিংমল থেকে আসামিরা কী কী কিনেছিল তা জানার চেষ্টা করছেন ডিবি পুলিশের সদস্যরা।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, তদন্ত ঠিক পথে এগোচ্ছে। আমরা এখনো দেহাংশ উদ্ধারের ব্যাপারে আশাবাদী। সিআইডিকে আমরা হাতিশালা কাঠের ব্রিজ লাগোয়া এলাকায় তল্লাশি চালানোর জন্য অনুরোধ করেছি। আমাদের হাতে এরই মধ্যে যে তথ্যপ্রমাণ রয়েছে তাতে অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না।

গত ১২ মে ঢাকা থেকে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। ১৩ মে নিউটাউনের আবাসনে খুন হন তিনি। হত্যার পর লাশ গুম করতে দেহের চামড়া ছাড়িয়ে হাড়—মাংস আলাদা করে ফেলা হয়। চার টুকরো করা হয় মাথার খুলি। এরপর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়। ঐ ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত বাংলাদেশে ৩ জনকে ও কলকাতায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।