নরসিংদীতে কৃষিজমিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ , ১৬ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে কৃষকের তিন ফসলি জমি ধ্বংস করে বালু ভরাট করছে একটি চক্র। এছাড়া ছাত্রলীগ নেতার নেতৃত্বে কৃষকের ধানের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়।

এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের । এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. বদিউল আলমের নির্দেশনায় শুক্রবার দুপুরে পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় কৃষকের তিন ফসলি জমিতে বালু ভরাটের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ দুইটি মামলায় দুটি ড্রেজারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এই জরিমানার অর্থ অনাদায়ে ড্রেজারের শফিকুল ইসলাম,আশ্রাফউল,সিহাব কাজী ও রফিকুল ইসলাম নামে ৪ জনকে ১ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া ড্রেজার মেশিনের ব্যাটারিগুলো জব্দ করা হয়। পাশাপাশি বালুর সংযোগ পাইপ বিচ্ছিন্ন করা হয়।পরে আটককৃতরা ৪ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ফখরুল হোসাইন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।