শেরপুরে ওয়াজ শুনে আসার পথে এসএসসি পরীক্ষার্থী খুন

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের শ্রীবরদীতে কিশোর গাং এর সন্ত্রাসী হামলায় বিপ্লব নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি উপজেলার দহেরপাড় এলাকায় মধ্যরাতে ওয়াজ শুনে আসার পথে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শ্রীবরদী থানা পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

নিহত শিক্ষার্থী ১৬ বছরের বিপ্লব মিয়া জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহেরপাড়ের তার নানার বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখাপড়া করেছে। এ বছর সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার নানার নাম হাজি আব্দুল মজিদ।

পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি রাত ১ টার দিকে উপজেলার মামদামারি কান্দাপাড়া এবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে এসেছিলো বিপ্লব। ওয়াজ শুনার সময় পার্শ্ববর্তী চরশিমুলচুরা এলাকার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাং নেতা আরিফ হোসেনদের সাথে নিহত স্কুল শিক্ষার্থী বিপ্লবের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে আজ ভোরে মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় দোষীদের গ্রেফতারের অভিযান চলছে। রাতেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করেনি নিহতের পরিবার।