বিশ্ব এজতেমায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতীকী ছবি

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে গিয়ে কাভারভ্যানের ধাক্কায় নরসিংদীর দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও সাতজন। রবিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৬ টার দিকে মীরের বাজার সংলগ্ন সিলমুন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মনির মিয়ার ছেলে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র জনি (১৭) ও একই গ্রামের কাজল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৭)। এ ঘটনায় গুরুত্বর আহতরা হলেন, দক্ষিণ সাধারচর গ্রামের ফিরুজ মিয়া (৫০),জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), নজরুল (৫০), জাহিদ হাসান (২৫), ইকবাল হোসেন( ৫৫) ও সাতক্ষীরা জেলার কলারুয়াা থানার কাজিরহাট গ্রামের আনিসুর রহমান (৪০)।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হসপাতালে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

নিহতদের জনদের সাথে কথা বলে জানা যায়, রবিবার ভোর সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর ইউনিয়নের সাধারচর গ্রাম থেকে মাইক্রোবাসে করে একই এলাকার সবাই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হন।

পরে মীরের বাজার এলাকায় পৌঁছালে যানজটের কারণে মাইক্রোবাসটি সামনের দিকে যেতে না পারায় গাড়ী থেকে নেমে যান তারা। এসময় অটোরিকশা করে দোয়ায় অংশগ্রহণ করতে ইজতেমার মাঠের দিকে রওনা হয়ে অটোরিকশাটি শিলমুন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভারভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

এ সময় চালকসহ গুরুতর আহত হন আরও সাতজন । আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ গাজীপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর জিএমপির টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় কাভারভ্যান চালককে আটক করতে না পারলেও কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।