নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি,গ্রেপ্তার-২

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীর রায়পুরায় এক শারীরিক প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় পুলিশের প¶ থেকে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) আফসান আল আলম।

অপহৃত ভুক্তভোগী প্রতিবন্ধীর নাম কাজী শাহিন (১৭)। সে রায়পুরা উপজেলার বটিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে। এর আগে, বুধবার সন্ধ্যার পর ভুক্তভোগীকে কাজী শাহীনকে উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। পরে থানা পুলিশের একদল চৌকস টিম অভিযান পরিচালনা করে অপহৃত প্রতিবন্ধী কাজী শাহীনকে উদ্ধার করে। একই সাথে অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের বটিয়ারা গ্রামের মো.হারিছ মিয়ার ছেলে আবির ওরফে আপন (১৭) ও জিরাহি গ্রামের নাসির উদ্দীনের ছেলে আরিয়ান হাসান নিলয়(১৭)।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে তরুণরা বিরিয়ানি খেয়ে সন্ধ্যার পর প্রতিবন্ধী শাহীনকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়।

পরে রাত সাড়ে ৯ টার দিকে অপহরণকারী চক্রটি ভুক্তভোগীর চাচাত ভাই রফিক মিয়ার মুঠোফোনে অপহরণের ছবি পাঠিয়ে হত্যার ভয় দেখিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তাৎক্ষণিক অপহৃত শাহীনের বাবা প্রথমে ২০ হাজার টাকা ও পরে ৬০ হাজার টাকা দিতে রাজিও হন।

এরই মাঝে ভুক্তভোগী পরিবারটি রায়পুরা থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের একদল চৌকস টিম অভিযানে নেমে অপহৃত শাহীনকে উদ্ধার সহ জড়িত দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সংবাদ সম্মলনে নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল)আফসান আল আলম বলেন, ‘ এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় আমিসহ পরিদর্শক তদন্ত মীর মাহবুব ও উপ-পরিদর্শক (এসআই) নিতাইসহ পুলিশের একদল চৌকস টিম রাতেই অভিযান পরিচালনা করে প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এ ঘটনায় বৃহস্পতিবার তিনজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি মামলা হয়েছে।