কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো হুমকি নেই। তবে সব ধরনের হুমকির বিষয়ে চিন্তা করেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি নেই। তবে আমরা সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

র‍্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।