• সর্বশেষ
  • পিলখানা হত্যা দিবসটির গুরুত্ব আরও বাড়াতে হবে : জি এম কাদের

পিলখানা হত্যা দিবসটির গুরুত্ব আরও বাড়াতে হবে : জি এম কাদের

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পিলখানা হত্যা দিবসটির গুরুত্ব বাড়ানোর জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা আশা করছি। দিবসটির গুরুত্ব আরও বাড়াতে হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আজকের দিনে আমরা যেটা অনুভব করছি, সেটা মনে হচ্ছে এই দিবসটির গুরুত্ব কমে যাচ্ছে। যেকোনো কারণেই হোক এটার গুরুত্ব মনে হচ্ছে কমে যাচ্ছে। যে আবেগটি সবার মধ্যে ছিল, সেটা সেভাবে আর দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আজকের এই শোক দিবসটি মনে হচ্ছে কেবল যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের মধ্যেই রয়ে গেছে। কিন্তু আমাদের শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যেই এই আবেগটা থাকার কথা ছিল না। সেইদিনের ঘটনায় যতগুলো সশস্ত্র বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন, তারা সবাই ছিল উদীয়মান, চৌকস, তারা অনেক বেশি অবদান রাখতে পারতো। কিন্তু নির্মম এই ঘটনার মাধ্যমে আমরা তাদেরকে হারিয়েছি। কিন্তু তারপরেও এ দিবসটির গুরুত্ব কমে যাওয়া আমাদের সবার জন্য এটা দুর্ভাগ্যজনক। এই দিবসটির গুরুত্ব বহন করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এসব শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরজীবী করতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের স্মরণীয় করে রাখতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, বলেন তিনি।