ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট সাবেক জেনারেল সুবিয়ান্তো

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট নির্বাচন। এতে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। তিনি ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭২ বছর বয়সী এই জেনারেল এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। দেশটিতে নির্বাচনের প্রথমধাপে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেলে তাকে দ্বিতীয় ধাপে লড়তে হয় না। ফলে প্রথম ধাপেই চূড়ান্ত হয়ে গেছেন সুবিয়ান্তো। যদিও ভক্তদের কমিশনের চূড়ান্ত ফলের জন্য আরও ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি।

পোলস্টারের তথ্যানুযায়ী, সুবিয়ান্তোর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৫ শতাংশ ভোট পেয়েছেন। এ ছাড়া মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও ১৭ শতাংশ ভোট পেয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ইন্দোনেশিয়ায়। ছয় ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২ লাখ ৫৯ হাজার জন।

ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় এদিন ছিল সরকারি ছুটি। ৮ লাখের বেশি কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করছেন।