আফ্রিকান মাগুর মাছের ২০লাখ ডিম ও ৩০লাখ রেণু ধ্বংস

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

র‌্যাব-৬, যশোর এর পৃথক ভ্রাম্যমান আদালত কর্তৃক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের অপরাধে তিন মৎস্য হ্যাচারী মালিককে ০৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার জরিমানা ও আফ্রিকান মাগুর মাছের ২০ লক্ষ ডিম ও ৩০ লক্ষ রেনু পোনা জব্দ পূর্বক ধ্বংস করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ এস পি মোঃ ফয়সাল তানভীর এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- ” র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে”।

“এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপুর এলাকার কয়েকটি মৎস্য হ্যাচারীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের রেনু পোনা ও্ ডিম বাজারজাত করণের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ১৫/০২/২০২৪ তারিখ ১৯.১০ ঘটিকা হইতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ফয়সাল তানভীর এবং রাহাত খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যশোর এর সমন্বয়ে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত হ্যাচারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছের ডিম ও রেনু পোনা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার প্রমাণ পাওয়ায় হ্যাচারী মালিক (i) মোঃ নুর ইসলাম (৭০), পিতা- মৃত আঃ রাজ্জাক, (ii) খুকু মনি (৩৩), পিতা- নুর ইসলাম, (iii) মোঃ রওশন আলী (৫৮), পিতা- মৃত ইমান আলী শেখ, সর্ব সাং- কাজীপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরদেরকে মৎস্য সুরক্ষা ও সংক্ষরণ আইন ১৯৫০ এর বিধিমালা ১৯৮৫ এর বিধি ৩(৪), ৬(১) ধারার অপরাধে প্রত্যেককে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ১৫ হাজার অর্থদন্ড করা হয়েছে এবং নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের ২০ লক্ষ ডিম ও ৩০ লক্ষ রেনু পোনা জব্দ করা হয়”।

“জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের ডিম ও রেনু পোনা উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।