লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর পরে উদ্ধার

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় এলাকায় গাছের ডালে ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ সাপটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে এনে বন বিভাগকে হস্তান্তর করেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ইছুবপুর এলাকায় ছোট একটি ছড়ার পাশে একটি ঝুপজাড় জাতীয় গাছের ডালের উপর বিশাল আকৃতির অজগর সাপ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় গাছের উপর থেকে নামিয়ে উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২২ কেজি ও লম্বা প্রায় ১২ ফুটের মতো। উদ্ধারকৃত অজগরটিকে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। পরে বনবিভাগ সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করেছে।

সজল আরও বলেন, খাবারের সন্ধ্যানে লাউয়াছড়া বন থেকে অজগরটি লোকালয়ে চলে এসেছে। গত রোববার আরেকটি অজগর গার্লস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ক্যাম্পাস থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছিল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ওয়াইল্ডলাইফ) রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।