শেরপুরে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ ও নাশকতার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীসহ ৮ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের হরিণধরা বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশের অভিযোগ বিএনপি কর্মীরা তাদের লক্ষ্য করে সেসময় ককটেল বিস্ফোরণ করেন।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের বিভিন্ন বাজারে চলমান নির্বাচনে জনগনকে কেন্দ্রে যেতে নিষেধ করে লিফলেট বিতরণ করছিল বিএনপি নেতাকর্মীরা। এমন খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে অনেকে পালিয়ে গেলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীসহ আটজনকে আটক করে।
এ বিষয়ে শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, আমরা আগামী নির্বাচনে জনগণ যেন ভোট না দেয় সেই প্রচারণার জন্য লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগেই রাস্তায় আমাদের নেতা সাধারণ সম্পাদক হযরত আলীসহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। ককটেল বিস্ফোরণ তো দূরের কথা আমাদের হাতে লিফলেট ছাড়া কোন কিছুই ছিলো না। আর এই দুর্দিনে আমরা ককটেল কোথায় পাবো? আমাদের মূল কাজ হচ্ছে সাধারন মানুষকে বুঝিয়ে নির্বাচন বিমুখ করা। তবে বিনা কারণে নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাধা দিলে পুলিশ সাধারণ জনগনকে লক্ষ করে গুলি ছুড়ে।
এ ব্যাপারে শেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম পিপিএম জানান, বিএনপির নেতা কর্মীরা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর আমরা পাওয়ার সাথে সাথেই পুলিশি অভিযান চালায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় আট জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত