শেরপুরে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাঁচ টাকার শীতবস্ত্রের বাজার চালু করেছে। হতদরিদ্রদের জন্য এ পাঁচ টাকার শীত বস্ত্রের বাজার চালু করেছে তারা। শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে শেরপুর সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু হয়।
আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচ টাকার বাজারের উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেজাবে রহমত। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক আলী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, উত্তরা হাসপাতালের পরিচালক জাকির হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম হীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ৫ টাকা করে জমা দিয়ে দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষ একটি করে কম্বল সংগ্রহ করে থাকে। ৫ টাকার বিনিময়ে দুইশো টাকার কম্বল পেয়ে সবাই খুশি।
জেলা শহরের বাগরাকশার মোছাঃ রহিমা বলেন, ৫ টাহা দিয়া এডা কম্বল পাইয়া খুব উপকার হইলো। শেরেপুরে মেলা শীত পরছে কয়দিন থাইক্কা।
গৌরীপুরের হাফিজ মিয়া বলেন, সারাদিন হাত পেতে যা পাই তাই খাই। মানুষের কাছে হুনলাম ৫ টাহা দিয়া কম্বল দিতাছে পরে নিবার আইলাম। ৫ টাহা দিয়া ২শ টাহার কম্বল পাইলাম। খুব বালা ভাবে রাইত কাটবো এহন।
খাইরন বলেন, আমি খুব খুশি অইছি। এ বাজার গরিব মাইনষের জন্যে আশীর্বাদ। শীতে কয়দিন মেলা কষ্ট করলাম।
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন জানান, হতদরিদ্ররা যেন আমাদের কাছ থেকে কিছু নিয়ে নিজেকে লজ্জাবোধ না করে এজন্য আমরা ৫ টি করে টাকা নিয়েছি। এতে দরিদ্র মানুষ এ বাজারে অংশীদার হতে পারলো। শীতকালীন এ সময়ে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান এ বাজার চালু থাকবে। শীতবস্ত্রের বাজারের পরে তারা আসন্ন রমজান মাসে দুই টাকার পন্যের বাজার চালু করা হবে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন সময়ে অব্যহত রাখবেন।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজাবে রহমত বলেন, ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবধরনের সহায়তা থাকবে। আমি শুনলাম তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরকম উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ যুবকদের পাশাপাশি যাদের অর্থ সম্পদ আছে তারাও যেন এসব উদ্যোগ হাতে নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত