• জাতীয় লিড নিউজ
  • বাংলাদেশের সঙ্গে ইইউর পারস্পরিক সহযোগিতা চুক্তি শিগগিরই: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে ইইউর পারস্পরিক সহযোগিতা চুক্তি শিগগিরই: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) করতে যাচ্ছে ৷ এই চুক্তির ভিত্তি হবে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল ৷

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি সাংবাদিকদের এ কথা বলেন।

চার্লস হুইটলি বলেন, নিরাপত্তাসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এর মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, ইন্টারনেট সিকিউরিটি, অর্গ্যানাইজড ক্রাইম, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকটের মানবিক, নিরাপত্তা ও প্রত্যাবাসনের দিক নিয়েও আলোচনা হয়৷

ইইউ রাষ্ট্রদূত বলেন, আমাদের সম্পর্ক নতুন স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি, যার মূল ভিত্তি গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার। সামনে আমরা অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি করবো।

বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, মূলত দুটি কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে চায় ইইউ। এক. বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন, দুই. ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আমরা ইইউর পক্ষ থেকে বিবৃতি দিয়েছি। আমরা সরকারকে স্বাগত জানিয়েছি।