সিদ্ধিরগঞ্জে নবজাতক দেখতে গিয়ে আগুনে দগ্ধ ৬ জন

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

এদের মধ্যে শরীরের ৪৫ ভাগ দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দগ্ধ অন্যরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ও রহিমার মেয়ে ঋতু (১৩)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

রনি হাওলাদার নামে তাদের এক স্বজন জানান, বাঘপাড়া এলাকার বাসায় সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ১৭ দিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেই স্বজন আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে গ্যাস কিংবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। রহিমা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাতি আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।