মুন্সীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মুন্সীগঞ্জ পৌরশহরে একটি ভবনের পঞ্চম তলায় রহস্যজনক বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হলেন রিজভী, স্ত্রী রোজিনা, মা শাহেদা খাতুন ও ছেলে রায়ান। এদের মধ্যে শাহেদা খাতুনের অবস্থা গুরুতর। চারজনকেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে আগুন ধরে যায় ফ্লাটটিতে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এ সময় ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায় এবং ওই ফ্ল্যাটের চার বাসিন্দা দগ্ধ হন। ফায়ার সার্ভিস আসার আগে রিজভী রোজিনা ও তাদের ছেলে রায়ানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস বৃদ্ধ নারী শাহেদা বেগমকে উদ্ধার করে। এক পর্যায়ে চারজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়।

পাশের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, বিকট আওয়াজ হয়। এই আওয়াজের পরই আগুনের ধোঁয়ায় ছেঁয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবু ইউসুফ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় একজন নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা গুরুতর। ইলেকট্রনিক কোনো ডিভাইসের বিস্ফোরণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।