ম্যাজিস্ট্রেট আসতেই পেঁয়াজের দাম কমলো একলাফে ৮০টাকা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

জয়পুরহাটে বেড়েছে পেঁয়াজের দাম। জেলার বিভিন্ন হাট-বাজারে দুই দিনের ব্যবধানে একলাফে বেড়েছে প্রতি কেজিতে ৮০টাকা। যে পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিলো প্রতি কেজি ১২০টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০টাকায়। আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ টাকায়। এতে ভোক্তা পর্যায়ে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সঙ্গে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের সংসার চালাতে যেন হিমশিম হয়ে পড়েছেন। দাম শুনে ক্রেতারা হচ্ছেন ক্ষুব্ধ। কোথাও কোথাও পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে হয়েছে বাগবিতণ্ডা।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা পরে থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেয়া হয়েছে। পেঁয়াজ যেখানে থেকে কেনা হচ্ছে সেখানে দাম বেশি ধরছে। ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম বাড়ার প্রধান কারণ সিন্ডিকেট। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে।

তবে, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হতো ৮০ টাকা কেজিতে তা নেমে এসেছে ৬০ টাকায়। সোমবার (১১ ডিসেম্বর) সকালে জয়পুরহাট শহরের নতুনহাট বাজারে এমনই ঘটনা ঘটেছে।

এসময় বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

নতুনহাটে বাজার করতে আসা এনামুল হক বলেন, দুই দিন আগে পেঁয়াজ কিনেছি ১২০ টাকা কেজিতে আর আজ দাম চাচ্ছে ব্যবসায়ীরা ২০০ টাকা কেজিতে। হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা ১২০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছেন, এতে ক্রেতারা অনেক খুশি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। সিন্ডিকেট করে প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।