ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৪

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মারাওইয়ের মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫০ জন ব্যক্তি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের ভেতর ক্যাথলিক খ্রিস্টান ধর্বাবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল। সেখানে এ বোমা হামলা চালানো হয়।

২০১৭ সালে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী মারাওইয়ে অঞ্চলটি দখল করেছিল। এরপর সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের পর ফের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফিলিপাইনের সরকারি বাহিনী।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বোমা হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এ ঘটনার সঙ্গে ‘বিদেশি জঙ্গিরা’ জড়িত।

প্রেসিডেন্ট মার্কোস বলেছেন, ‘কঠোর ভাষায় বিদেশি জঙ্গিদের দ্বারা সংঘটিত এ জঘন্য হামলার নিন্দা জানাচ্ছি আমি। যেসব উগ্রবাদী আমাদের নিরীহ মানুষদের ওপর সহিংসতা চালায়, আমাদের সমাজে তারা সব সময় শত্রু হিসেবেই বিবেচিত হবে।’

উচ্চ সতর্কতা

গত কয়েকদিন ধরে মারওইয়েতে স্থানীয় ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ফিলিপাইনের সেনাবাহিনী। এরমধ্যে একটি অভিযানে দাওলাহ ইসলামিয়া-মাউতে গ্রুপের এক শীর্ষ নেতা নিহত হন। ফিলিপাইনের সেনাপ্রধান রোমিও ব্রাওনার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের অভিযানের প্রতিশোধ নিতে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

২০১৭ সালে ইসলামপন্থি এ দলটি মারওইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করতে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে বেসামরিকসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন।

বোমা হামলার পর ওই অঞ্চলে উচ্চসতর্কতায় রয়েছে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র: রয়টার্স