• ছবিঘর ফিচার
  • নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত বিনিয়োগের সুপারিশ

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত বিনিয়োগের সুপারিশ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে নারীর অধিকারসংশ্লিষ্ট সকল খাতে সমন্বিত বিনিয়োগের সুপারিশ করেছেন নারী নেতৃবৃন্দরা।

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস, ২০২৩’ পালন উপলক্ষে আয়োজিত সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের ডাকা এক সংবাদ সম্মেলনে নারী নেতৃবৃন্দরা এসব সুপারিশ পেশ করেন।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’- এই প্রতিপাদ্য নিয়ে শহরের কাজির পয়েন্টস্থ সুনামগঞ্জ মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্যের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রশিদা বেগম।

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করলেও নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, এর সাথে বাড়ছে বর্বরতার ধরণ। এ সকল পরিস্থিতির উত্তরণে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ‘সমন্বিত বিনিয়োগ’ অপরিহার্য বলে মনে করে মহিলা পরিষদ।

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জের এবছর পারিবারিক নির্যাতনের শিকারের অভিযোগ এসেছে ৩৯টি, পুরুষদের পক্ষ থেকে অভিযোগ এসেছে ১০ টি, শিশু উদ্ধারের ঘটনা ২ টি, বাল্য বিয়ে প্রতিরোধ করা হয়েছে ৩ টি, ধর্ষণ চেষ্টার অভিযোগ এসেছে ২ টি, ধর্ষণের অভিযোগ ৬ টি, ঘটনায় তদন্ত হয়েছে ১ টি এবং মানববন্ধন হয়েছে ৩ টি এবং দেনমোহর সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে ১ টি।

সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সমাজ কাঠামো, বিকশিত হচ্ছে সভ্যতা। পরিবর্তনের হাওয়া লেগেছে মানুষের জীবনযাত্রায়। কিন্তু আশ্চর্য হলেও সত্য, বন্ধ হয়নি নারী নির্যাতন। নারী শব্দটি প্রাচীন কাল থেকে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ নানাভাবে নির্যাতিত ও শোষিত হচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং সমাজের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য।

কিন্তু তারপরও সাধারণভাবে তারা শান্তি, নিরাপত্তা ও অধিকারের দিক দিয়ে এখনো পুরুষের সমকক্ষ নয়। অথচ এই নারীর কারণেই একটি সন্তান পৃথিবীর আলো দেখতে পায়, একটি সুন্দর জীবনের শুভ সুচনা হয়

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফি, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সন্ধ্যা তালুকদার, তৃণা দে প্রমুখ।