শেরপুরের নকলায় গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেলারোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছে। ২২ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কাজাইকাটা-নারায়নখোলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ১৮ বছরের মনিরুল ইসলাম নকলার নারায়নখোলা মাদ্রাসা পাড়ার কলিমউদ্দিনের ছেলে। আহত অপর আরোহী ১৭ বছরের সহিদ মিয়া।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে মনিরুল ইসলাম (১৮) ও সহিদ (১৭) নকলার কাজাইকাটা থেকে নারায়নখোলা বাজারে যাচ্ছিলো। এসময় নারায়নখোলা বাজারের দরবারচর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোঃ মনিরুল ইসলাম মারা যায়। আর গুরুতর আহত সহিদকে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নকলা থানার ওসি আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহত মনিরুলের সুরতহাল প্রস্তুত করা হয়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার আবেদন করার পর উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে মনিরুলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত