নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আজ শুক্রবার ভোরে মারা যায়।

নওগাঁ-২ আসনটি আসনটি ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র তিনি উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দী ছিলেন। তবে নির্বাচনের মাঠে ওই প্রার্থীর তেমন কোন প্রচার প্রচারনা লক্ষ করা যায়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা জানান, মহামান্য উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্রী এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

এই ঘটনায় নির্বাচনের পূনঃ তফসীল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী এড. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছেন।