নওগাঁয় ৫ওয়াক্ত নামাজ শর্তে জামিন পেলো কিশোর

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার অভিযুক্ত এক কিশোরকে বোনের জিম্মায় জামিন দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত কিশোরকে জামিন দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক কিশোর ২০২০ সালের ২০ ডিসেম্বর বিকেলে একই থানার উত্তর চকযদু গ্রামের পদ্মা পরিবহন টিকিট কাউন্টারের সামনে ২২ বোতল ফেন্সিডিলসহ আটক করেন সাব-ইন্সপেক্টর মানিক মিঞা। পরবর্তীতে ধামইরহাট থানায় সাব-ইন্সপেক্টর মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগের সত্যতা থাকায় অভিযুক্ত শিশু’র বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৮ নভেম্বর অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ২৬ অক্টোবর অভিযুক্ত কিশোর আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে বিজ্ঞ কৌসুলি সময়ের প্রার্থনা করেন। কিন্তু অভিযুক্ত কিশোরের পক্ষে বিজ্ঞ কৌসুলি সময়ের প্রার্থনা শুনানী না করায় আদালত তা নামঞ্জুর করেন এবং অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

চলতি বছরের ১৭ নভেম্বর অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেফতার করে। সোমবার অভিযুক্ত কিশোরের পক্ষে তার নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত কিশোকে পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় জামিন দিয়েছেন। অভিযুক্ত কিশোরের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু এবং রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ কৌশলী অ্যাডভোকেট আলতাফ হোসেন।