জয়পুরহাটের পুরানাপৈলে পাথর বোঝাই ট্রাকে আগুন দেয়ার মামলায় আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ নিয়ে এ মামলার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন, সদর উপজেলার কাদোয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে নাহিদ হোসেন (২৬)। সে আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাশকতা মামলার আসামি নাহিদ হোসেনকে সদর জয়পুরহাট জেলার সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার হতে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পুরানাপৈল রেল ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমিয়ে দেয় ট্রাক চালক। এমতাবস্থায় ধৃত আসামি আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেনসহ আরও অনেকে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং ট্রাকে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
প্রসঙ্গত, ঘটনার পর জয়পুরহাট সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহায়তায় র্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম উক্ত মামলার এজাহারনামীয় আসামি নাহিদ হোসেনকে জয়পুরহাট জেলার সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করে।
ছবি আছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত