বুটেক্সিয়ান বিসিএস ক্যাডারদের সংবর্ধনা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুক্রবার (২০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার পদে কর্মরত এবং ৪১তম বিসিএস এ নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত বুটেক্স গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দেওয়া হয় এবং সাথে উদ্বোধন করা হয় বুটেক্স বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুটেক্স বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অপারেশনস ও গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত ডিআইজি মো. তানভীর মমতাজ, ব্লু-বার্ড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান প্রমুখ।

আমন্ত্রিত অতিথি বক্তব্যে মো. তানভীর মমতাজ বলেন, আমরা বুটেক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবাই সংঘবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। সেই সঙ্গে নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে প্রফেশনাল জীবনে ভালো সার্ভিস দিতে পারবো বলে আশাবাদী।প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম খান তার কর্মজীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। নবীন বিসিএস ক্যাডারদের বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন। তিনি বলেন, সৃজনশীল সূচকে আমরা পিছিয়ে। মানুষের চাহিদা, চিন্তা-চেতনা পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। তাই সবাইকে সৃজনশীল হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান তার বক্তৃতায় সামনে আরো বড় করে অনুষ্ঠান আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য টেক্সটাইল প্রকৌশল নিয়ে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ে বিসিএস ক্যাডারদের নিয়ে প্রথমবারের মতো এমন কোনো অনুষ্ঠান আয়োজন হয়। ৪১তম বিসিএস-এ বুটেক্স থেকে প্রায় ৩০ জন বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হন।