নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ইন্টার্ন নার্সরা। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইন্টার্নভাতার দাবিতে তারা এই কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের (বিডিআইএন) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা এক যোগে এই কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে।

রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন। তাদের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার প্রথম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেন।

এসময় তাদের হাতে ইন্টার্নভাতার দাবি আদায়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ছিল। প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

ইন্টার্ন ভাতা চালু চাই, ইন্টার্নভাতা করুনা নয়, এটা আমাদের অধিকার, দাবি মোদের একটাই ইন্টার্ন ভাতা চালু চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগান ছিল।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের পক্ষে ইন্টার্নভাতা দাবি আদায়ে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক কমিটির সভাপতি অপু আহমেদের সঞ্চালনায় ও সংগঠনের সহসভাপতি রবিন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ইভান খান, প্রবর্তনা সম্পাদক আফসানা আক্তার ও সমাজসেবাবিষয়ক সম্পাদক আকলিমা আক্তার।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইন্টার্ন নার্সরা বলেন, আমরা নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পাস করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি।
বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) প্রদত্ত লগবুকের ১৪ পৃষ্টায় কোড অব কন্টাক্ট এন্ড রেগুলেশন এর ১ নম্বর পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও আমরা ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবির বিষয়ে বিএনএমসি এবং নার্সিং এন্ড মিডওয়াফারি অধিদপ্তরের (ডিজিএনএম) কাছে দরখাস্ত দিলেও ইন্টার্নভাতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কোনাে সমাধান পাচ্ছি না।

তারা বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ছেন। তিন বছরের কোর্স শেষে তাঁরা রাতদিন ২৪ঘন্টা হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

তারা বলেন, প্রতিমাসে আমরা ছয় থেকে আট হাজার টাকা করে ইন্টার্ন ভাতা পাওয়ার কথা।
এই নায্য পাওনা আদায়ের দাবিতে আজ থেকে আমরা কর্মবিরতি পালন শুরু করেছি। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাতহ থাকবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, যারা কর্মবিরতির ডাক দিয়েছে তারা আমাদের সরকারি নিয়োগপ্রাপ্ত নার্স নয়, তারা শিক্ষার্থী কিছু দিন আগে হয়ত পাস করেছেন। নার্সিং পাস করার পর ৬ মাসের একটি ইন্টার্ন থাকে। আর ৬ মাসের একটি ভাতা রয়েছে যেটি তারা পাচ্ছে না। সেটির জন্য হয়ত তাদের আন্দোলন। তারা মন্ত্রনালয়ে যোগাযোগ করবে, আমাকে অনুলিপি হিসেবে স্বারকলিপির একটি কপি দিয়ে গেছে।