• জাতীয় লিড নিউজ
  • আওয়ামীলীগ সকল ধর্মের নিরপেক্ষতা, সব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে

আওয়ামীলীগ সকল ধর্মের নিরপেক্ষতা, সব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সব ধর্মের নিরপেক্ষতা, সব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ অক্টোবর) রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকেশ্বরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়েছিল বাংলাদেশের সব ধর্মের-বর্ণের মানুষ। যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন। জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানে সব ধর্মের-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন। যে যার ধর্মের সে তার ধর্ম পালন করবে নিশ্চিত করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা আমাদের দেশে অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে দিয়েছিল।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ বিশ্বে এমন একটা দেশ, আমরা সব ধর্ম পালন করে থাকি, এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে সৌন্দর্য। হাজার হাজার পূজামণ্ডপে পূজা হচ্ছে বাংলাদেশে, আপনারা শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারছেন। এক সময় এদেশে এমনও ঘটনা ঘটেছিল, শুধু ঘরে পূজা করতে হয়েছিল। এরশাদের আমলে বা খালেদা জিয়ার আমলে এমন বহু ঘটনা ঘটেছিল।

তিনি বলেন, এবারের পূজামণ্ডপের রক্ষাকারীর দায়িত্বে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি, তারাও যেন সতর্ক অবস্থায় থেকে সব ধরনের শান্তি বজায় রাখার কাজ করে। সেভাবে আমরা করেও যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি। সেজন্য আমরা সব ধর্মের সবাই একসঙ্গে এই মাতৃভূমির জন্য কাজ করব। এই দেশ সবার, আপনারা কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সবাই সুন্দরভাবে বসবাস করুক, এই কামনা করি।’