বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে শেরপুরে হার্ট অ্যাটাকে মারা গেলেন এক আওয়ামী লীগ নেতা। রোববার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে নালিতাবাড়ী উপজেলা শহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৫৫ বছরের আজিজুল হক উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল জানান, আমাদের দলীয় কর্মসূচীতে অংশ নিতে এসে মিছিল শেষে সমাবেশ চলাকালে হঠাৎ আজিজুল হক হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের লক্ষ্যে এক মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজার চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য চলাকালে যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আকস্মিকভাবে পড়ে যান। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেরপুর শহরের ডক্টরস হাসপাতালে ইসিজি করতে পাঠান। ইসিজি শেষে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, আজিজুল হক একজন নিবেদিত দলীয় কর্মী ছিলেন। দলের প্রত্যেক কর্মসূচীতে তিনি স্বতঃফূর্ত অংশ নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
এদিকে আজিজুল হকের মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত