নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর জুয়েল ভূইয়া (২৬) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার "ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প" সারকারখানার পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে।
বুধবার সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত জুয়েলকে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা নজরদারিতে রাখার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এন্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. জিশান আহমেদ এর নেতৃত্বে একটি টিম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প" সারকারখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নিষিদ্ধ সংগঠনের লিফলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার জুয়েল ভূইয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের জন্য লিফলেট বিতরণের কাজ করতেন। তার বিরুদ্ধে এন্টি টেরোরিজম ইউনিটের এসআই মো. জিশান আহমেদ বাদি হয়ে পলাশ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত