অবসরের গুঞ্জনে মুখ খুললেন তামিম

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ বিশ্বকাপের স্কোয়াডে সদস্য হওয়ার কথা ছিল দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালেও। তবে নানান ঘটনার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এ ওপেনারের। দল ভারতে থাকলেও বর্তমানে সপরিবারে দুবাইয়ে আছেন তিনি।

এদিকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিসিবির টেস্ট এবং ওয়ানডে দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার তামিম। বিশ্বকাপের পরপরই দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। তাই দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিমের এনসিএলে না খেলায় সংবাদমাধ্যমে গুঞ্জন, তাহলে কি অবসর ভেঙে ফিরে মাত্র ২ ম্যাচ খেলে আবারও নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম?

তবে গণমাধ্যমে চাউর হওয়া সেই গুঞ্জনে তামিম নিজেই হতবাক। জানা গেছে, লন্ডন থেকে ফিরে এখন সপরিবারে দুবাইয়ে গেছেন তামিম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

অন্যদিকে দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, তামিম এখন শুধুই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েই ভাবছেন।

তামিমের পুনর্বাসন প্রক্রিয়া খুব কাছ থেকে দেখা এই চিকিৎসক আরও জানান, তার সঙ্গে সবশেষ আলাপে এমনটাই জানিয়েছেন তামিম।

তাই প্রশ্ন উঠছে তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছেড়ে দিয়েছেন তামিম? দেবাশীষ চৌধুরি বললেন, সে (তামিম) তো লন্ডনে ছিল, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে। সে বলল আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএলের জন্য প্রস্তুত হব।

তবে এবার নিজের অবসরের গুঞ্জনে অবাক হয়েছেন তামিম। বিষয়টি নিয়ে মুখও খুলেছেন এ ওপেনার। দেশের একটি গণমাধ্যমে রীতিমত বিস্ময় প্রকাশ করে তার ভাষ্য, অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা।

তামিমের জবাব, আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?

এদিকে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী আসর। যেখানে তামিম এবার যোগ দিয়েছেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে। যে দলে গত দুই বছর খেলেছেন এক সময়ের বন্ধু সাকিব আল হাসান। এমনকি দল গোছানোর সঙ্গে অনেকটাই সম্পৃক্ত ছিলেন তামিম, বিশেষ করে সরাসরি দলে নেওয়া বিদেশি ক্রিকেটারদের নেওয়া হয়েছে অনেকটাই তারই পছন্দে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তামিমের দাবি, আমি কোথাও অবসর নিয়ে, বলিনি। আর সত্যি বলতে এই মুহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কী খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভালো আছি।

টাইগারদের বর্তমান বিশ্বকাপ দল নিয়ে তামিমের মন্তব্য, টিভিতে খেলা দেখা হয় না। টাইমিং মেলে না। তবে স্কোরকার্ড দেখি। আগেও বলেছি, এখনো বলছি, ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। আর দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনও নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সবসময়ই শুভকামনা।