• রাজনীতি শীর্ষ সংবাদ
  • ‘ডু অর ডাই’ তারুণ্যের রোডমার্চ সরকারপতনের মধ্য দিয়ে শেষ হবে- গয়েশ্বর চন্দ্র রায়

‘ডু অর ডাই’ তারুণ্যের রোডমার্চ সরকারপতনের মধ্য দিয়ে শেষ হবে- গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ছবি- কালের বিবর্তন

তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকারপতনের মধ্য দিয়ে শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনা সরকারকে আর কোন অশুভ শক্তিই রক্ষা করতে পারবে না।’ এ আন্দোলন ডু আর ডাই বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে নেতকর্মীদের উদ্দেশ্য বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে এ রোডমার্চ শুরু হয়। রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এই রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে রোডমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কেরর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল বিশ্বরোডের মোড় ও কুট্টাপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেয়।

এ সময় বিশ্বরোড মোড়ে গাড়ি থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় পৌঁছকে দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ও যুবদলের কেন্দ্রীয় নেতা এস এন তরুন দেসহ দলের মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে রোডমার্চকে স্বাগত জানিয়ে শোডাউন করা হয়।